দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় সড়কে এক পুলিশ সদস্যের মোটরসাইকেলের গতিরোধ করে মারধর ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের বিপরীতে মাইক্রো স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
শারীরিকভাবে হেনস্তার শিকার পুলিশ সদস্য মো. ইমরান হোসেন মাগুরা জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কমলা রঙের টি-শার্ট পরা নাঈমুজ্জামান নয়ন কনস্টেবল ইমরান হোসেনের মোটরসাইকেল আটকে চাবি নেওয়ার চেষ্টা করছেন। এ সময় তিনি উত্তেজিত হয়ে অন্যদের ডাকতে থাকেন। একপর্যায়ে নিজেই ভিডিও ধারণের পাশাপাশি পুলিশ সদস্যকে মারধর করতে দেখা যায় তাকে। ভিডিওতে ওই ব্যক্তিকে পুলিশ সদস্যদের ‘দারোগা’ বলে সম্বোধন করতেও শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাইক্রোস্ট্যান্ড এলাকায় কনস্টেবল ইমরান হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। এ সময় নাঈমুজ্জামান নয়নের সঙ্গে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনও ছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রকাশ্যে একজন পুলিশ সদস্যকে মারধর ও হেনস্তার অভিযোগ এবং এর ভিডিও ছড়িয়ে পড়ায় জেলা পুলিশে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভাইরাল ভিডিও ও ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভাইরাল ভিডিওটির কথা শুনেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনগত বিষয়ে পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
অভিযোগের বিষয়ে জানতে নাঈমুজ্জামান নয়নের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
/অ